
রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে স্বস্তি ফিরেছে সবজি ও মুরগির দামে। তবে বিপরীত চিত্র দেখা গেছে মাছের বাজারে প্রায় সব ধরনের মাছের দাম বেড়ে ক্রেতাদের অস্বস্তি বাড়িয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মহাখালী ও কারওয়ান কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ায় সবজির দাম কমেছে, কিন্তু মাছের বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য না থাকায় দাম বেড়েছে।
বাজারে গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। বরবটি, বেগুন, ঢেঁড়স, পটল, করলা, কচুর লতি সবকিছুর দামই কমতির দিকে। কাঁচামরিচও কমে এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম কমায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মহাখালীর এক সবজি ব্যবসায়ী জানান, পাইকারিতে প্রতি পাল্লা (৫ কেজি) সবজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম কমেছে। জ্বালানি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে দাম আরও কমতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মুরগির বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। সোনালি মুরগি কেজিতে প্রায় ৪০ টাকা কমে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার ১৯০ টাকা, লেয়ার মুরগি ২৯০ থেকে ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে।
তবে মাছের বাজারে চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশ মাছের দাম আকারভেদে ১৪০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত উঠেছে। রুই, কাতল, মৃগেলসহ দেশি মাছের দামও বেড়েছে। চিংড়ি, বোয়াল, পাবদা, টেংরা সব মাছের ক্ষেত্রেই বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের।
এছাড়া ডিমের বাজারও স্থিতিশীল রয়েছে। এক ডজন মুরগির ডিম ১২০ থেকে ১৩০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি ডিমের হালি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কেনাকাটা করতে আসা সুমন বলেন, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমেছে ঠিকই কিন্তু সংসারের বাজার করতে গেলে মোট খরচ খুব একটা কমছে না। একটার দাম কমলে আরেকটার দাম বেশি থাকে। তাই পুরোপুরি স্বস্তি পাওয়া যাচ্ছে না।
আরেকজন ক্রেতা জানান, টমেটো আর ঢেঁড়সের দাম কমেছে এটা ভালো খবর। কিন্তু বেগুন, কাকরোলসহ অনেক সবজির দাম এখনও বেশি। পরিবারের প্রয়োজন অনুযায়ী সবকিছু কিনতে গেলে হিসাব মেলানো কঠিন হয়ে যায়।
বাজারের এই দামের ওঠানামায় সাধারণ ক্রেতাদের ভোগান্তিও স্পষ্ট হয়ে উঠেছে। বিনা নামের এক গৃহিণী বলেন, প্রতিদিন বাজারে এসে নতুন করে হিসাব কষতে হয়। আগে যে টাকায় কয়েক দিনের সবজি কেনা যেত এখন তা একদিনেই শেষ হয়ে যাচ্ছে। তার মতে, দাম কিছুটা কমলেও বাস্তবে তা খুব একটা স্বস্তি দিচ্ছে না।
একজন মধ্যবিত্ত ক্রেতা জানান, বাজারে দাম কমার খবর শুনে এলেও বাস্তবে তেমন সুবিধা পাননি। বিশেষ করে বড় পরিবারের জন্য বর্তমান বাজারদর এখনও অনেকটাই চাপের বলে মনে করছেন তিনি।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কিছুটা বাড়ায় কয়েক ধরনের সবজির দাম কমেছে, তবে সব পণ্যে একই চিত্র নেই। পাইকারি বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়ছে বলেও জানান তারা।
সবজি বিক্রেতা হামিদ বলেন, সাম্প্রতিক সময়ে কিছু সবজির সরবরাহ বেড়েছে, তাই দাম কিছুটা কমেছে। তবে সরবরাহে নিয়মিততা না থাকলে আবার দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
আরেক বিক্রেতা সবুজের ভাষ্য, অনেক ক্রেতাই মনে করেন খুচরা বিক্রেতারা বেশি দামে বিক্রি করেন। কিন্তু বাস্তবে পাইকারি বাজার থেকেই অনেক সময় বেশি দামে কিনতে হয়। এর সঙ্গে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কম দামে বিক্রি করা কঠিন হয়ে পড়ে।
সব মিলিয়ে বাজারে সবজি ও মুরগির দামে কিছুটা স্বস্তি এলেও মাছের দামের ঊর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের ব্যয় বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে মাছের দামও ধীরে ধীরে কমে আসতে পারে।
সংশ্লিষ্টদের মতে, মৌসুমি সবজির সরবরাহ আরও বৃদ্ধি পেলে এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকলে বাজারে দামের চাপ ধীরে ধীরে কমে সহনীয় পর্যায়ে নামতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের জন্য পুরোপুরি স্বস্তি ফিরতে কিছুটা সময় লাগবে বলেই ধারণা করছেন তারা।