
আক্কেল দাঁত বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় থার্ড মোলার সাধারণত ১৭ থেকে ২৫ বছর বয়সের মধ্যে ওঠে। অনেকের মধ্যে প্রচলিত ধারণা থাকলেও চিকিৎসকরা বলছেন, এই দাঁতের সঙ্গে বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নেই এটি সম্পূর্ণই একটি ভ্রান্ত ধারণা। এটি মূলত চোয়ালের শেষের দিকের দাঁত।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রজন্মের অনেকের চোয়ালের গঠন তুলনামূলক ছোট হওয়ায় আক্কেল দাঁত ওঠার পর্যাপ্ত জায়গা থাকে না। ফলে দাঁত আংশিকভাবে বের হয় বা পাশের দাঁতের দিকে বাঁকা হয়ে ওঠে। এতে মাড়িতে প্রদাহ, সংক্রমণ এবং তীব্র ব্যথার মতো সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে দাঁত আটকে গিয়ে সিস্ট তৈরি করে, যা চোয়ালের হাড় ও পাশের দাঁতের ক্ষতির কারণ হতে পারে।
আক্কেল দাঁতের সমস্যায় কিছু সাধারণ উপসর্গ দেখা যায়, যেমন : মাড়ি বা গাল ফুলে যাওয়া, দাঁত ও চোয়ালে তীব্র ব্যথা, মুখ পুরোপুরি খুলতে,
জ্বর বা খাবার গিলতে কষ্ট হওয়া।
চিকিৎসকরা বলছেন, এসব লক্ষণ দেখা দিলে দ্রুত দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মুখের একেবারে শেষ প্রান্তে থাকায় আক্কেল দাঁত ঠিকমতো পরিষ্কার করা কঠিন হয়। ফলে সেখানে খাবার জমে ক্যাভিটি বা পচন তৈরি হতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে সংক্রমণ দাঁতের মজ্জা পর্যন্ত ছড়িয়ে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।
দন্ত চিকিৎসকরা এক্স-রে পরীক্ষা ও রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করেন। পরিস্থিতি অনুযায়ী—
* আংশিক ওঠা দাঁতে মাড়ি কেটে জায়গা তৈরি করা হয়
* সোজা অবস্থানে থাকা দাঁতে রুট ক্যানেল বা রেস্টোরেশন দেওয়া হয়
* বাঁকা বা আটকে থাকা দাঁত সার্জারির মাধ্যমে অপসারণ করা হয়
* অবহেলায় বাড়তে পারে বড় ঝুঁকি
বিশেষজ্ঞদের মতে, অনেকেই দাঁতের ব্যথাকে সাময়িক ভেবে অবহেলা করেন। কিন্তু সময়মতো চিকিৎসা না নিলে ছোট সমস্যা বড় জটিলতায় রূপ নিতে পারে, যা পরবর্তীতে ব্যয়বহুল চিকিৎসার কারণ হয়।
চিকিৎসকরা বলছেন, আক্কেল দাঁত সম্পর্কিত যেকোনো সমস্যা দেখা দিলে দেরি না করে নিকটস্থ দন্ত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সময়মতো চিকিৎসাই বড় ধরনের জটিলতা থেকে রক্ষা করতে পারে।