
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর এমপি ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজা সংসদে নারী সদস্যদের শারীরিক গঠন নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি রুমিন ফারহানা, ফারজানা শারমিন এবং নায়াব ইউসুফ আহমেদের নাম উল্লেখ করে কটূক্তি করেন।
তিনি বলেন, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা লোক পেয়েছি… এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।
রুমিন ফারহানা বলেন, এই মন্তব্যটি দুই দিন আগে আমার নজরে এসেছে। তার অতীত রেকর্ড বিবেচনায় এটি কোনো ব্যতিক্রম নয়।
তিনি আরও যোগ করেন, সংসদে এক সপ্তাহ যাওয়ার পরও তিনি জানেন না প্রতিটি সদস্যের নির্দিষ্ট আসন থাকে। এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, আমি ভিডিওটি দেখেছি। এই বিষয়ে কথা বলাও আমার মর্যাদার নিচে।
তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য দিয়ে তিনি শুধু নারী এমপি নয় সংসদের প্রতিটি এমপিকেই অপমান করেছেন। এমনকি দেশের প্রতিটি নারীকে তার নিজের মাকেও অপমান করেছেন।
ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ মন্তব্যটি ‘চরম সংকীর্ণ মানসিকতার’ পরিচয় হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, যারা নারীদের এভাবে দেখে, তারা কীভাবে আমাদের নেতৃত্ব মেনে নেবে? এটি সম্পূর্ণ অযৌক্তিক। দেশের মানুষ এটি কখনো মেনে নেবে না, আমিও না।
এ বিষয়ে জানতে আমির হামজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেড় ঘণ্টার আলোচনা ছিল। আমি কোথায়, কোন প্রেক্ষাপটে কী বলেছি, সেটা কি মনে রাখা সম্ভব? মিডিয়ার কি ফোকাস করার মতো আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই?
সাম্প্রতিক সময়ে তিনি এই মন্তব্য করেছেন কিনা এ প্রশ্নে বলেন, আমি সেটাও জানি না।