
গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সম্মাননা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ আয়োজন করা হয়।
আন্তর্জাতিক নারী দিবসের এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হলো। ১. গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া, ২. অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, ৩. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ববিতা খাতুন, ৪. সফল জননী নুরবানু কবীর, ৫. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী শমলা বেগম এবং ৬. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী আফরোজা ইয়াসমিন।
প্রতিটি নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের জন্য এই সম্মাননা দেয়া হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তার বক্তব্যে বলেন, শত অত্যাচারে বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল।
তিনি বলেন, নারীদের সাহস প্রজ্ঞা ও নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে। সমতা, মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দিতে হবে সব ক্ষেত্রে। নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়।
ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ এমন দেশ হবে যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন। নারী দিবস সাম্যতা, ন্যায্যতা ও ন্যায় বিচারের অঙ্গীকারের হোক।
প্রসঙ্গত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রথা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত।
বিশেষ করে এমন ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে দেশের জনসাধারণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।