

মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব এবং মানবজীবনের মনস্তত্ত্ব এক পরম ও শাশ্বত নিয়মে বাঁধা, আর তা হলো—বৈপরীত্যের সহাবস্থান। আলো তার আপন মহিমায় উজ্জ্বল হতে পারে না, যদি না ব্যাকগ্রাউন্ডে অন্ধকারের নিবিড় চাদর থাকে। শুভ্রতার নিজস্ব কোনো ভাষা থাকত না, যদি না কালো তাকে ফ্রেমবন্দি করত। মানবজীবনও এই দ্বান্দ্বিক নিয়মের বাইরে নয়। সুখের চরম ও পরম অনুভূতি তখনই পূর্ণতা পায়, যখন তা দুঃখের তীব্র দহন পেরিয়ে আমাদের কাছে ধরা দেয়। মূলত, একটির অনুপস্থিতি অন্যটির অস্তিত্বকে শুধু ম্লানই করে না, বরং অর্থহীন করে তোলে। বৈপরীত্যের এই সুন্দর ভারসাম্যই জীবনের প্রকৃত সৌন্দর্য এবং পূর্ণতার চাবিকাঠি।
আলোর উজ্জ্বল্যকে ফুটিয়ে তুলতে অবশ্যই অন্ধকার প্রয়োজন। পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে, আলো এক ধরনের তাড়িতচৌম্বক তরঙ্গ (Electromagnetic wave) যা দৃশ্যমানতার সৃষ্টি করে। কিন্তু এই দৃশ্যমানতা কেবল তখনই অর্থবহ হয় যখন সেখানে আলো আর ছায়ার (Light and Shadow) খেলা থাকে।
মহাকাশের বুক চিরে যে কোটি কোটি নক্ষত্র আর গ্যালাক্সি বা ছায়াপথ জ্বলজ্বল করছে, তার সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি কেবল মহাবিশ্বের সীমাহীন ‘অন্ধকার’ বা কৃষ্ণ গহ্বরের পটভূমির কারণে। রাত ছাড়া চাঁদের অস্তিত্ব চোখে পড়ে না। চাঁদের স্নিগ্ধ আলো আমাদের মন ছুঁয়ে যায়, কারণ রাত তার অন্ধকার দিয়ে চাঁদের আলোকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্র তৈরি করে দেয়। অন্ধকার যদি না থাকত, তবে চাঁদের রূপ খইয়ের মতো হারিয়ে যেত অন্তহীন শূন্যতায়। তাই বলা যায়, চাঁদের সমস্ত রূপের অহংকার লুকিয়ে আছে রাতের বুক জুড়ে।
শিল্পকলা, সাহিত্য এবং মানবীয় সৌন্দর্যে কালো এবং সাদার (Contrast) দ্বিমুখী লড়াই বা মেলবন্ধন সবসময়ই এক উচ্চতর নান্দনিকতা সৃষ্টি করে। কালো ছাড়া ধলোর অস্তিত্ব স্পষ্ট নয়। শ্বেতশুভ্র ক্যানভাসে কালো কালির আঁচড়েই ফুটে ওঠে পৃথিবীর শ্রেষ্ঠ সব ক্যালিগ্রাফি বা চিত্রকর্ম।
অনেক সময় দেখা যায়, একজন মানুষের নিখুঁত ও সুন্দর মুখশ্রীকে আরও আকর্ষণীয় ও জীবন্ত করে তুলতে মুখমন্ডলের কোনো এক জায়গায় কালো রঙের ছোট্ট একটি ফোঁটা বা তিলক এঁকে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে যে কালো রঙকে আমরা অপ্রিয় বা অপছন্দের মনে করি, সেই কালো ফোঁটাটিই কিন্তু পুরো মুখের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। একেই বলে ‘সৌন্দর্যের বৈপরীত্য’। শুভ্রতাকে পূর্ণাঙ্গ রূপ দিতে কালোর এই ছোঁয়া প্রকৃতির এক অমোঘ নিয়ম।
মানব মনের সবচেয়ে বড় সত্য হলো—দুঃখ ছাড়া শুধুমাত্র সুখ, সুখের প্রকৃত স্বাদকে অনুভব করতে দেয় না। মনস্তত্ত্বে একটি তত্ত্ব আছে, যাকে বলা হয় 'Hedonic Adaptation' বা সুখের অভিযোজন। একজন মানুষ যদি ক্রমাগত কেবল সুখেরই সাগরে ভাসতে থাকে, তবে একসময় সুখ তার কাছে আর সুখ মনে হয় না; তা একঘেয়েমিতে রূপ নেয়।
সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনে কেবলই প্রাপ্তি, কোনো অপ্রাপ্তি নেই। তারা অভাব কিংবা না-পাওয়ার তীব্র বেদনা কখনও অনুভব করেননি। দুঃখের সাথে কোনো পরিচয় না থাকায় তারা যেমন অন্য সাধারণ মানুষের কষ্ট ও আর্তনাদ বুঝতে পারেন না, ঠিক তেমনি নিজের জীবনের অঢেল প্রাপ্তির প্রকৃত স্বাদটুকুও উপভোগ করতে পারেন না।
তৃষ্ণার্ত না হলে যেমন এক গ্লাস শীতল জলের মূল্য বোঝা যায় না, তপ্ত রোদে না পুড়লে যেমন গাছের ছায়ার স্নিগ্ধতা অনুধাবন করা যায় না, ঠিক তেমনি জীবনের কঠিন পরীক্ষা ও দুঃখের দিনগুলো পার না করলে অর্জিত সফলতার আনন্দ ও সুখকে পুরোপুরি আস্বাদন করা অসম্ভব। দুঃখ আমাদের মনকে কোমল করে, সহানুভূতিশীল বানায় এবং সুখের দিনে কৃতজ্ঞ হতে শেখায়। তাই অপ্রাপ্তিই হলো প্রাপ্তির আসল অহংকার।
প্রাচীন চৈনিক দর্শনে 'ইন এবং ইয়ান' (Yin and Yang) ধারণার মাধ্যমে এই মহাজাগতিক সত্যকে ব্যাখ্যা করা হয়েছে। 'ইন' (অন্ধকার, নেতিবাচক, শীতল) এবং 'ইয়ান' (আলো, ইতিবাচক, উষ্ণ) একে অপরের পরিপূরক। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ।
সমাজবিজ্ঞানীদের মতে, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনেও এই বৈচিত্র্য ও বৈপরীত্যের প্রয়োজন রয়েছে। জীবনের উত্থান-পতন, জয়-পরাজয়, আলো-ছায়ার এই মেলবন্ধনই মানুষকে বিনয়ী ও সহনশীল করে তোলে। দুঃখ মানুষকে ধৈর্য শেখায়, আর সুখ মানুষকে উদযাপনের উপলক্ষ দেয়।
পরিশেষে নিঃশঙ্ক চিত্তে বলা যায় যে, জীবনের ক্যানভাসে কেবল উজ্জ্বল রঙ দিয়ে কোনো পূর্ণাঙ্গ ছবি আঁকা সম্ভব নয়; সেখানে কালোর আঁচড় লাগবেই। দুঃখ সুখকে, অন্ধকার আলোকে, আর অপ্রাপ্তি প্রাপ্তিকে পূর্ণতা দান করে। জীবনের নেতিবাচক দিকগুলো আসলে ইতিবাচক দিকগুলোকে আরও অর্থবহ ও দীপ্তিময় করার জ্বালানি হিসেবে কাজ করে। তাই জীবনের অন্ধকার সময়কে ঘৃণা না করে, তাকে আলোর আগমনী বার্তা হিসেবে গ্রহণ করাই প্রকৃত প্রজ্ঞা। এই দ্বান্দ্বিক পূর্ণতা ও বৈপরীত্যের মহিমাতেই লুকিয়ে আছে মানবজীবনের পরম সার্থকতা।
লেখক: সাংবাদিক ও কলামিষ্ট