
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে বিষ প্রয়োগ করে মাছ শিকার। নদী ও খালে কীটনাশক ছড়িয়ে মাছ ধরার কারণে শুধু মাছ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে চিংড়ি, কাঁকড়া, জলজ কীটপতঙ্গসহ বিভিন্ন প্রাণী। এতে জলজ খাদ্যশৃঙ্খল ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৯৪ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে বন বিভাগ। তবে বিভাগটির দেওয়া পরিসংখ্যানে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা নিয়ে কিছু অসংগতি রয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ মাসে বনের গভীর অরণ্য থেকে নদী-খাল পর্যন্ত নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করা হয়েছে। এ সময় হরিণ শিকার, অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ, বিষ প্রয়োগে মাছ ধরা এবং অন্যান্য বন অপরাধের অভিযোগে মামলাগুলো করা হয়।
অভিযানে জব্দ করা হয়েছে ২ হাজার ৮৯২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৫২২ কেজি হরিণের মাংস, ২৯টি ট্রলার, ৪০৫টি নৌকা, ৪৮৩টি অবৈধ কাঁকড়া ধরার আটন, ৯ হাজার ৫৩২ মিটার দোন দড়ি, ৩ হাজার ৭৬০ কেজি মাছ এবং ৪ হাজার ১৪২ কেজি অবৈধভাবে আহরিত কাঁকড়া। এ ছাড়া ১৮৮ বোতল অবৈধ কীটনাশক ও ১ হাজার ২৭৩ কেজি মধু জব্দ করা হয়েছে।
সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার দীর্ঘদিনের উদ্বেগজনক অপরাধ। অসাধু চক্রের সদস্যরা মাছের অবস্থান শনাক্ত করে পানিতে কীটনাশক ছড়িয়ে দেয়। এতে লক্ষ্যবস্তু মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়া, জলজ কীটপতঙ্গ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণীও মারা যায়। বিষাক্ত পানি ও প্রাণীর মাধ্যমে খাদ্যশৃঙ্খলের অন্য প্রাণীরাও ক্ষতির মুখে পড়ে।
সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগের বিভিন্ন নদী-খালে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ‘রিপকর্ড’সহ বিভিন্ন ধরনের ভারতীয় ও অন্যান্য কীটনাশক প্রয়োগ করে চিংড়ি শিকারের অভিযোগ রয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ভেসালি জাল দিয়ে নির্বিচারে ছোট মাছ ধরার ঘটনাও ঘটছে।
বনের ছিচখালি, কেওড়াসুতি, হংসরাজ, দুধমুখ, কাগা দোবেকি, পাটকোষ্টা, গেড়া চালকি, মার্কি, আন্দারমানিক, শাপখালি, বাটলু, নোটাবেকি, পুষ্পকাঠি ও কাটেশ্বর এলাকার নদী-খালেও এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া পশুর নদী, জয়মনি, কচিখালি, হড্ডা, শিবশা, নীলকমল, বজবজা ও খাসিটানা এলাকাতেও বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় জেলে আবদুস সালাম বলেন, আগে সুন্দরবনের নদী-খালে প্রচুর মাছ পাওয়া যেত। এখন বিষ দিয়ে মাছ ধরার কারণে মাছের পরিমাণ কমে যাচ্ছে। যারা বিষ প্রয়োগ করে মাছ ধরে, তারা সাময়িকভাবে লাভবান হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ক্ষতি করছে। এতে প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ধরনের অপরাধ বন্ধে বন বিভাগ ও প্রশাসনের নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারি প্রয়োজন।
সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, বিষ প্রয়োগ করে মাছ ধরলে শুধু লক্ষ্যবস্তু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষাক্ত পদার্থ পানিতে ছড়িয়ে পড়লে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। দূষিত মাছ খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।
তবে সুন্দরবনে ব্যবহৃত বিষের রাসায়নিক উপাদান, পানিতে এর স্থায়িত্ব এবং জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের ওপর প্রকৃত প্রভাব নির্ধারণে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বন্যপ্রাণী শিকার ও বন অপরাধে জড়িত ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সুন্দরবন পশ্চিম বিভাগ ১৩৫ জনের একটি বিশেষ তালিকা তৈরি করেছে। তালিকাভুক্ত ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি বন অপরাধ দমনে স্টেশন ও টহল ফাঁড়িগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের পরামর্শে হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী শিকার এবং বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধে বিশেষ উদ্যোগ নেন। এ বিষয়ে স্টেশন ও টহল ফাঁড়ির কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
বিভিন্ন অভিযানে অবৈধ জাল, নৌকা, আটনসহ বন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা নিজেও কয়েকটি অভিযানে অংশ নিয়ে অপরাধীদের আটকে ভূমিকা রেখেছেন।
বন প্রহরীদের মতে, নিয়মিত অভিযান ও নজরদারির কারণে খুলনা রেঞ্জে অপরাধের প্রবণতা আগের তুলনায় কমেছে। তবে জনবল সংকট ও আধুনিক সরঞ্জামের অভাব দূর করা না গেলে দীর্ঘমেয়াদে এ সাফল্য ধরে রাখা কঠিন হতে পারে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বনরক্ষীরা নানা ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে বনের দুর্গম এলাকায় পায়ে হেঁটে এবং নদীপথে নিয়মিত টহল দিচ্ছেন। পায়ে হেঁটে টহলের পাশাপাশি ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
এসব উদ্যোগের ফলে বন অপরাধ অনেকাংশে কমানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। তবে অপরাধীদের আটক করতে গিয়ে বনের গভীরে বনকর্মীরা প্রায়ই সংঘবদ্ধ হামলার শিকার হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
বন বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সুন্দরবনের বিশাল বনাঞ্চল সুরক্ষায় নিয়মিত টহল কার্যক্রম অত্যন্ত জরুরি। তবে প্রয়োজনের তুলনায় জনবল কম এবং আধুনিক জলযানের অভাব থাকায় কার্যকরভাবে টহল পরিচালনায় সমস্যায় পড়তে হচ্ছে বনকর্মীদের।
জনবল সংকট নিরসন করা গেলে বনজ সম্পদ রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ ও বন অপরাধ দমনে টহল কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বিশাল আয়তনের সুন্দরবনের বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সীমিত জনবল দিয়ে এত বড় বনাঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। বনকর্মীদের সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানো জরুরি। সবার সহযোগিতায় আগের তুলনায় বন অপরাধের প্রবণতা অনেক কমেছে।