
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকার ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠক করেছেন।
এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানো এবং অভিন্ন স্বার্থের আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে মতবিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পরই বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই দেশের স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসে।
ইউএনএফপিএ আয়োজিত একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারির ভূমিকা জোরদার এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে দুই দেশের পক্ষ থেকে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং উন্নয়ন সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।
একই সঙ্গে আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমন্বয় আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। নিউইয়র্ক সফরের এসব কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র: বাসস