
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশের পর তাকে নিয়ে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে’।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে শেখ হাসিনার পক্ষে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে। সোমবার রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। এতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।