
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সম্ভব নয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও জাতির সঙ্গে প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়লে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন অজুহাতে জবাব এড়িয়ে গেছেন। বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রাখা সম্ভব নয়।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে মব সহিংসতা বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
তার অভিযোগ, সরকার নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে সারাদেশে দখলদারত্ব, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনা বেড়েছে।
রাজধানীর মিরপুরে রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে এসব ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি।
তিনি অভিযোগ করেন, এসব ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ভাঙচুরকারীরা এমন ঘটনা ঘটানোর সুযোগ পেয়েছে।
নাহিদ ইসলাম বলেন, রাজধানীর মতো জায়গায় তিন ঘণ্টার বেশি সময় ধরে ভাঙচুর চললেও প্রশাসন তা বন্ধ করতে পারেনি। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাহিদ ইসলাম বলেন, শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানেও দখলদারত্ব ও সহিংসতার ঘটনা ঘটছে। হবিগঞ্জে সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ এবং সাভারে মাদরাসা দখলের চেষ্টার ঘটনা এর উদাহরণ।
এসব ঘটনার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রায় আড়াই হাজার প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নেই।
তিনি বলেন, যোগ্য প্রার্থীদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বাদ দেওয়া উচিত নয়। কারও বিরুদ্ধে সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকলে তা যাচাই করা যেতে পারে। তবে যাচাইয়ের নামে চাকরিপ্রার্থীদের হয়রানি বা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার বিরোধিতা করেন তিনি।
অন্যায়ভাবে বাদ পড়া চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে নাহিদ ইসলাম বলেন, কোনো প্রার্থী যথাযথ প্রমাণসহ অন্যায়ের শিকার হওয়ার অভিযোগ জানালে এনসিপি তার পাশে দাঁড়াবে। প্রয়োজনে তাদের অধিকার আদায়ে আন্দোলনও করা হবে।
তিনি চাকরিপ্রার্থীদের নিজেদের অভিযোগ ও প্রমাণ নিয়ে এনসিপির কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম সারাদেশে দখলদারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো এনসিপির দায়িত্ব। যেখানে দখলদারত্ব ও চাঁদাবাজির ঘটনা ঘটবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।