
দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কমিউনিটি প্যারামেডিকদের দীর্ঘদিনের সমস্যা ও দাবি জাতীয় সংসদে উপস্থাপনের অনুরোধ জানিয়ে বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি আবেদনপত্র হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহর হাতে সংগঠনের সভাপতি মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে এ আবেদনপত্র তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় কমিউনিটি প্যারামেডিকদের ভূমিকা, কর্মসংস্থান সংকট এবং নানা চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, ২০১১ সালে চালু হওয়া দুই বছর মেয়াদি কোর্স সম্পন্ন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) থেকে নিবন্ধনপ্রাপ্ত প্রায় ২০ হাজার কমিউনিটি প্যারামেডিক সারা দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তবে দীর্ঘদিনেও তাদের জন্য স্থায়ী নিয়োগ ব্যবস্থা, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং স্বাস্থ্যসেবা কাঠামোতে অন্তর্ভুক্তির কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এ সময় সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ, অনুমোদিত ওষুধের তালিকা হালনাগাদ ও সম্প্রসারণ, উপকূলীয় অঞ্চলে বিশেষ অগ্রাধিকার প্রদান এবং সরকারি স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়ায় কমিউনিটি প্যারামেডিকদের অন্তর্ভুক্তি।
সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ আবেদনপত্র গ্রহণ করে বলেন, কমিউনিটি প্যারামেডিকদের দাবিগুলো যৌক্তিক। আমি বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব।
এ সময় সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত সংসদীয় বক্তব্যও এমপির হাতে তুলে দেওয়া হয়। সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, সংসদীয় আলোচনার মাধ্যমে তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং স্বাস্থ্যসেবায় এ পেশাজীবীদের ভূমিকা আরও সুসংহত হবে।