
ফ্রান্সে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে এক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এ মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি হাফিজ মাওলানা মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি, লন্ডন দারুল হাদীস লতিফিয়ার প্রিন্সিপাল ও আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স মিডল্যান্ডের চেয়ারম্যান ও আনজুমানে আল ইসলাহ ইউকের সহ-সেক্রেটারি হযরত মাওলানা এম এ কাদির আল হাসান।
আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সেক্রেটারি কাজী আব্দুল মুহিতের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সোহেল আহমদ। পরে নাতে রাসুল ﷺ পরিবেশন করেন ক্বারী রুবেল আহমদ।
মাহফিলে রাসূলুল্লাহ ﷺ-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, রাসূলুল্লাহ ﷺ মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত ও অনুগ্রহ। আল্লাহর রহমত ও করুণার জন্য শুকরিয়া আদায়ের বিষয়টি কোরআনে গুরুত্বের সঙ্গে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এ কারণেই যুগ যুগ ধরে আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে বিভিন্ন আয়োজন করে আসছেন।
রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা তাঁর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে প্রকাশ পায় উল্লেখ করে তিনি বলেন, তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করাই মুসলমানদের জন্য কল্যাণের পথ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন ক্বারী মির্জা শফিকুল ইসলাম, আমিনুর রশিদ টিপু, সিদ্দিকুর রহমান নোবেল, আহসান হাবীব শাহ, কাজী জিল্লুল হুদা, কামাল আহমদ, আবুল কালাম মামুন, শাহ আবুল হাসনাত, হাফিজ খালেদুর রহমান, মুহিবুর রহমান খালেদ, মাওলানা সাইফুর রহমান, শাকির আহমদ, মাওলানা দোলায়েত হোসেন, মো. কামরান ও মাহিদ আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিরা।
সভাপতির সমাপনী বক্তব্যের পর প্রধান অতিথি হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলীর পরিচালনায় মীলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।