
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের রাজনীতির সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে দলটি আবারও নিজেদের রাজনৈতিক চরিত্রের পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শুধু দলটির মূল কার্যক্রম নয়, অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি গেজেটে এ বিষয়ে নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, গেজেটের নির্দেশনায় দল ও সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম এবং অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, যেসব কার্যক্রম নিষিদ্ধ, সেগুলোর প্রচারও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, রাতের আঁধারে কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্থানে স্লোগান দিয়ে চলে যেতে পারে কিংবা গাড়ি ও বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তাঁর অভিযোগ, এসব ঘটনার মধ্য দিয়ে অগ্নিসন্ত্রাসের বিষয়টি আবারও সামনে আসছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক রয়েছেন। পুলিশসহ বিভিন্ন বাহিনী সন্ত্রাসী সংগঠন ও এর সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে অনেককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশের জনগণ এ বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবি ও নীতিমালা পরিবর্তনের প্রস্তাব নিয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি জানান, টেলিভিশন চ্যানেলগুলোর টিকে থাকা, আধুনিকায়ন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিজেসি তাদের প্রস্তাব ও দাবিগুলো লিখিতভাবে সরকারের কাছে জমা দেবে। সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকার বর্তমানে গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা সরকারের নেই।
মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্যসচিব ইলিয়াস হোসেনসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।