
বিশিষ্ট আলোকচিত্রী, একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমির ফেলো নাসির আলী মামুনের ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনী ‘স্মৃতি-বিস্মৃতির মুখচ্ছবি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
প্রদর্শনীতে নাসির আলী মামুনের তোলা বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জীবনের নানা দিক তুলে ধরা আলোকচিত্র স্থান পেয়েছে যা দর্শকদের জন্য স্মৃতি ও সময়ের এক অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করবে।
বাংলা একাডেমিতে আয়োজিত বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুনের ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনী ‘স্মৃতি-বিস্মৃতির মুখচ্ছবি’ ইতোমধ্যে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, নাসির আলী মামুন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ আলোকচিত্র সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে এক বিশাল ঐতিহাসিক ভিজ্যুয়াল আর্কাইভ গড়ে তুলেছেন।
বিশেষ করে লেখক ও সাহিত্যিকদের এসব আলোকচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এবং তরুণদের মধ্যে সাহিত্যচর্চার প্রতি নতুন আগ্রহ তৈরি করবে।
এসময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম নাসির আলী মামুনকে কিংবদন্তি আলোকচিত্রী হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে তার অসাধারণ প্রতিকৃতির মাধ্যমে দেশ-বিদেশের মানুষ বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে নতুনভাবে দেখার সুযোগ পেয়েছে। তার নিরলস প্রচেষ্টা দেশের আলোকচিত্র চর্চাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
বাংলা একাডেমির বর্ধমান হাউজে আয়োজিত এই প্রদর্শনী ৩০ এপ্রিল পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে বাংলাদেশের প্রখ্যাত প্রয়াত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষকদের শতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে।
বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কিছু দুর্লভ আলোকচিত্রও প্রদর্শিত হচ্ছে যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে।