

ঢাকার ধামরাইয়ে আলোচিত একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনার দেড় মাস পর লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সুতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর এলাকায় একটি গ্যারেজের নৈশপ্রহরীকে জিম্মি করে ইজিবাইক, ব্যাটারি ও সিসি ক্যামেরার ডিভিআর বক্সসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল। ঘটনার পরে দেড় মাস ধরে তদন্তের পর ধামরাই থানার উপপরিদর্শক এস এম কাওছার সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সোহেল (৩০)সহ চারজনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত তিনটি ব্যাটারিচালিত রিকশা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলো—কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ধানুসারা গ্রামের মোমিন হোসেনের ছেলে ইমাম হোসেন শাওন (৩২), চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার রামপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. সবুজ (২৯) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার পালটি রাজাপুর গ্রামের তোতা মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে রনক ওরফে রনি (২৬)। পুলিশ জানিয়েছে, তাদের সবার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।