
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সফরকালে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।
সোমবার স্থানীয় সময় রাত ৯টায় নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলের লবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, দেশের মানুষের দেশপ্রেম, অনুভূতি, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের জাতীয় স্বার্থ কীভাবে সুরক্ষিত রাখা যায় এবং কীভাবে দেশের উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব এসব বিষয়ও জাতিসংঘের বিশ্বমঞ্চে তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন মাহদী আমিন। ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা নিজ নিজ দেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের এবারের প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান।
মাহদী আমিন জানান, প্রচলিত দীর্ঘ সফরের পরিবর্তে প্রধানমন্ত্রী এবার তুলনামূলক সংক্ষিপ্ত কর্মসূচি নিয়ে নিউইয়র্কে অবস্থান করছেন। যাতায়াতের দুই দিন বাদ দিলে নিউইয়র্কে তার কর্মসূচির জন্য থাকছে চার কর্মদিবস।
এই সময়ের মধ্যে জাতিসংঘের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আনুষ্ঠানিকভাবে ৩৫ জন রয়েছেন বলে জানিয়েছেন মাহদী আমিন। এর বাইরে প্রয়োজনীয় নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত স্টাফ রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও নিউইয়র্ক সফরে রয়েছেন।
মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা। সকালে জাতিসংঘ সদর দপ্তরে উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন তিনি। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ অংশ নেবেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ, আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহ ২২ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এ সময়ে বিশ্বনেতারা বৈশ্বিক বিভিন্ন সংকট ও নিজ নিজ দেশের অগ্রাধিকার নিয়ে বক্তব্য দিচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এবারের সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। ফলে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ সীমিত।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এএমএম সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য আরেকটি কারণে উল্লেখযোগ্য। ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২ জুন নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ ও বিভিন্ন বৈঠকের মাধ্যমে জাতিসংঘের এবারের উচ্চপর্যায়ের সপ্তাহে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।