
চশমা এখন আর শুধু দৃষ্টিশক্তি ঠিক রাখার উপকরণ নয় এটি ফ্যাশনেরও একটি অংশ। তাই অনেকেই চশমা পরে সাজগোজে কিছুটা অনিশ্চয়তায় ভোগেন। কেউ কেউ আবার ছবি তোলার সময় চশমা খুলে ফেলেন। অথচ সঠিক মেকআপ কৌশল জানলে চশমা পরেও চোখের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, চশমার ফ্রেম ও লেন্স চোখকে ফোকাস পয়েন্টে নিয়ে আসে। তাই চোখের মেকআপে ভারসাম্য ও পরিমিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চশমার কারণে চোখ কখনও বড় আবার কখনও ছোট দেখাতে পারে লেন্সের পাওয়ারের ওপর এটি নির্ভর করে। তাই আইশ্যাডো ব্লেন্ডিং হতে হবে নিখুঁত ও মসৃণ। ওয়াটারলাইনে হালকা নুড বা সাদা পেনসিল ব্যবহার করলে চোখ উজ্জ্বল দেখায়।
চোখের নিচের কালচে ভাব ঢাকতে কনসিলারের আগে হালকা হলুদ টোন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তবে খুব গাঢ় কালো কাজল ব্যবহার না করাই ভালো, কারণ এতে চোখ ভারী ও ছোট দেখাতে পারে।
চশমা পরলে পাপড়ি লেন্সে লেগে যাওয়ার সমস্যা হতে পারে। তাই আইল্যাশ কার্লার ব্যবহার করে পাপড়ি ওপরে তুলে নেওয়া জরুরি। ঘনত্ব বাড়ায় এমন মাসকারা ব্যবহার করলে লুক আরও পরিপাটি দেখায়। দলা পাকানো মাসকারা এড়িয়ে চলা উচিত।
চশমার সঙ্গে ক্যাট-আই বা হালকা উইংড লাইনার ভালো মানায়। তবে লাইনার খুব মোটা হলে পুরো চোখ ভারী দেখাতে পারে। ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করলে দীর্ঘ সময় মেকআপ টিকে থাকে।
চশমার নাকের অংশে বেশি ফাউন্ডেশন ব্যবহার করলে সেটি সহজেই উঠে যেতে পারে। তাই সেখানে হালকা টাচ-আপই যথেষ্ট। চোখের নিচে হালকা শেডের কনসিলার ব্যবহার করলে চশমার ছায়া সহজেই ঢেকে যায় এবং মুখে আসে সতেজতা।
ফ্রেমের আকার অনুযায়ী ব্লাশের অবস্থান নির্ধারণ করা উচিত। বড় ফ্রেম হলে গালের হাড় বরাবর ‘সি’ শেপে ব্লাশ লাগানো ভালো। গালের ওপর হালকা হাইলাইটার দিলে পুরো মুখে উজ্জ্বলতা আসে।
চোখের মেকআপ ভারী হলে ঠোঁটে হালকা রঙের লিপস্টিক মানানসই। আবার ঠোঁটে গাঢ় রং ব্যবহার করলে চোখের সাজ রাখতে হবে তুলনামূলক ন্যাচারাল।
চশমার ফ্রেম যেহেতু ভ্রুকে আংশিকভাবে ঢাকে বা ফোকাসে আনে, তাই ভ্রু ভালোভাবে শেপ ও ফিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পুরো মুখের কাঠামো ভারসাম্যপূর্ণ দেখায়।
চশমা কোনোভাবেই সৌন্দর্যের প্রতিবন্ধক নয়। বরং সঠিক মেকআপ কৌশল জানা থাকলে এটি স্টাইলের অনন্য অংশ হয়ে উঠতে পারে। সঠিকভাবে সাজলে চশমা পরেও চোখের সৌন্দর্য আরও স্পষ্ট ও আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে।