
ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই মোবাইল ফোনে চোখ রাখা এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। অ্যালার্ম বন্ধ করেই শুরু হয় সোশ্যাল মিডিয়া স্ক্রল, মেসেজ চেক বা ভিডিও দেখা। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস ধীরে ধীরে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ও মানসিক ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গবেষকদের মতে, অতিরিক্ত স্ক্রলিংয়ের কারণে অল্প বয়সেই মনোযোগে ঘাটতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হওয়া এবং ব্রেন ফগের মতো সমস্যা দেখা দিতে পারে। ফলে অনেকেই ছোটখাটো বিষয়ও সহজে ভুলে যেতে শুরু করেন।
ঘুমের সময় শরীর ও মস্তিষ্ক পুনরুজ্জীবিত হয়। বিশেষ করে হাইপোথ্যালামাস ও ব্রেন স্টেম শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঘুম ভাঙার ঠিক পরেই যদি মোবাইলের উজ্জ্বল স্ক্রিনে চোখ রাখা হয়, তবে নীল আলো মস্তিষ্কের স্নায়ুকোষকে অতিরিক্ত উত্তেজিত করে তোলে। এতে স্নায়বিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
মোবাইল স্ক্রলিংয়ের ফলে মস্তিষ্কে ডোপামিনের অতিরিক্ত নিঃসরণ ঘটতে পারে, যা সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে মানসিক অস্থিরতা তৈরি করে। এর ফলে
মেজাজ খিটখিটে হওয়া, মাথাব্যথা বা মাইগ্রেন, অতিরিক্ত দুশ্চিন্তা, মনোযোগে ঘাটতি দেখা দেয়।
গবেষণায় বলা হচ্ছে, ঘুম থেকে ওঠার পর দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে মস্তিষ্ক এক ধরনের ডিজিটাল হ্যাংওভারে আক্রান্ত হতে পারে যা সারাদিনের ফোকাস ও মানসিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে।
বিশেষজ্ঞদের পরামর্শ, ঘুম ভাঙার পর অন্তত কিছু সময় মোবাইল থেকে দূরে থাকা উচিত। সকালে প্রথম সময়টা মানসিক শান্তি, হালকা হাঁটা বা প্রাকৃতিক আলো গ্রহণে ব্যয় করলে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক বেশি ভারসাম্যপূর্ণ থাকে।