
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সৈকতপাড়া সড়কের একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অগ্নিকাণ্ডের পর আশপাশের হোটেল ও আবাসিক এলাকা থেকে অনেক পর্যটক ও বাসিন্দা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।
আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।