
নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে পড়া শত শত গাছ দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে। একই সঙ্গে এসব গাছের কিছু অংশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। বন বিভাগের লোকবল ও শ্রমিকসংকটের কারণে উপড়ে পড়া গাছগুলো দ্রুত অপসারণ করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আলতাদীঘি শালবনটি পত্নীতলা উপজেলার পাইকবান্দা বন বিটের আওতাধীন। ধামইরহাট ইউনিয়নের জয়জয়পুর এলাকায় প্রায় ২৬৪ দশমিক ১২ হেক্টর জায়গাজুড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এ বনাঞ্চলে শালগাছের পাশাপাশি আকাশমনি ও ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বনের বিভিন্ন স্থানে ঝড়ে উপড়ে পড়া গাছ পড়ে রয়েছে। অনেক গাছের ডালপালা কাটা এবং কোথাও কোথাও ছাল-বাকল তুলে নেওয়া হয়েছে। দীর্ঘদিন মাটিতে পড়ে থাকায় বেশ কিছু গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে।
এ ছাড়া আলতাদীঘির পশ্চিম পাড়ে অর্ধশতাধিক মৃত শালগাছ এখনো দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এসব গাছের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রোদ-বৃষ্টিতে গাছগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভাষ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটনের বিকাশের উদ্দেশ্যে আলতাদীঘি শালবনকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত নজরদারি ও ব্যবস্থাপনার অভাবে বনাঞ্চলটির স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, ঝড়ে উপড়ে পড়া গাছ দ্রুত সরিয়ে নেওয়া না হওয়ায় সেগুলো চুরির ঝুঁকিতে পড়ছে। তার দাবি, দিনের বেলায় পড়ে থাকা গাছ দেখা গেলেও রাতের আঁধারে কিছু গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।
তবে গাছ চুরির অভিযোগের সঙ্গে বন বিভাগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বন বিট কর্মকর্তা আনিসুর রহমান। তিনি জানান, গত বছর ঝড়ে আলতাদীঘি এলাকায় বেশ কিছু শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ উপড়ে পড়ে। প্রয়োজনীয় লোকবল ও শ্রমিকের সংকট থাকায় সেগুলো দ্রুত অপসারণ করা সম্ভব হয়নি।
পাইকবান্দা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফরহাদ জাহান বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছগুলোর তালিকা প্রস্তুত করে রাজশাহী বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। গাছ চুরির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ধামইরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন বলেন, আলতাদীঘি শালবন নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগ তার কাছে এসেছে। তবে উপড়ে পড়া গাছ পড়ে থেকে নষ্ট হওয়া বা সেগুলো চুরি যাওয়ার বিষয়ে বন বিভাগ তাকে অবহিত করেনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, আলতাদীঘি জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশ ও বনসম্পদ রক্ষায় দ্রুত পড়ে থাকা গাছগুলো অপসারণ, মৃত গাছের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং নিয়মিত নজরদারি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে গাছ চুরির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।