
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আরও একজনকে আটক করা হলে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় চারজনে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
গ্রেফতার ব্যক্তিদের বয়স নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের নিচে হতে পারে। তবে তাদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের প্রক্রিয়া চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে তাদের কিশোর অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে সময় কাটাত। তদন্তে দেখা গেছে, তাদের কয়েকজন অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।
অপ্রতিমের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করেছে। ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি নিহতের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। পুলিশ আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে এবং আদালতে জবানবন্দির বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের দ্রুত তৎপরতার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে সন্দেহভাজনদের গ্রেফতার এবং বিভিন্ন আলামত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম হয়েছে।
হত্যাকাণ্ডটির বিচার দ্রুত শেষ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তার মতে, আইনানুগ প্রক্রিয়া শেষ করে দ্রুত চার্জশিট দেওয়া সম্ভব হলে আদালতের মাধ্যমে বিচার কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি।
নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় এক কিশোরের কাছ থেকে অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটিও উদ্ধার করা হয়।
অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।